উত্তরাঞ্চলের নদীবেষ্টিত জেলা গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডা বাতাস। রোববার (২৮ জানুয়ারি) সকাল ৬ টায় গাইবান্ধা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলাজুড়ে তীব্র শীতের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ ৭ উপজেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলেছে।


শীতজনিত কারণে সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা, গ্রামাঞ্চলগুলোতেই এর হার বেশি। রোগীর চাপ বেশি থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের দ্বায়িত্বরত নার্স ও  চিকিৎসকদের।  এজন্য শিশু ও বয়স্কদের ঠাণ্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

রংপুর আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজ সকালে জেলার তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা  হয়েছে। জেলায় এ মুহূর্তে মৃদু শৈত্যপ্রবাহ অব‍্যাহত রয়েছে। আরো কয়েকদিন এ অবস্থা চলমান থাকতে পারে বলেও সতর্ক করেছেন এ আবহাওয়াবিদ।