নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী মুসলিমনগর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে দুটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গিয়েছে। এ সময় পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এক নারীকে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

হামলার ভুক্তভোগী ইয়াছিন মিয়া জানান, সজিব, রাব্বী ও নয়নের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক লাঠিসোটা নিয়ে তার দোকানে হামলা করেন। এ সময় তারা আরো একটি দোকানে হামলা ও লুটপাট চালায়।

হামলাকারীরা ইয়াছিনের মা জোসনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াছিন বলেন, এলাকায় মাদক বিক্রি করতে বাধা দেয়ায়ই এ হামলা চালানো হয়েছে। 

এরই মধ্যে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। তার জের ধরে এ হামলা ঘটেছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।