বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন চিকিৎসকরা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ব্যানারে এ কর্মসূচি আয়োজিত হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় চিকিৎসকরা বলেন, ‘সকল স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যে সকল শিক্ষার্থী এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা বিনা পয়সায় অবশ্যই করতে হবে।’
তারা আরো বলেন, ‘স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ করতে হবে। ২০১০ সাল
থেকে আজ পর্যন্ত যত অন্যায়-অবিচার করা হয়েছে, তার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’










