ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে মাটি কাটার সময় ২৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে বাগুটিয়া গ্রামের নেওয়াজ জোয়ার্দ্দারের বাড়ির পাশ থেকে লোহার পাত্রে এসব মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলোর গায়ে ফার্সি ভাষায় খোদাই করে লেখা হয়েছে। খবর পেয়ে মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, গতকাল সকাল ১০টার দিকে নেওয়াজ উদ্দিন জোয়ার্দ্দার ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বাড়ির আঙিনায় রাখার সময় একটি মুদ্রা দেখতে পায় তার পরিবারের সদস্যরা। এরপর কৌতূহলবশত খুঁজতে খুঁজতে একটি লোহার পাত্রে আরো ২৬টি মুদ্রা পাওয়া যায়। পুলিশকে খবর দিলে বেলা ৩টার দিকে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাড়ির মালিক নেওয়াজ উদ্দিন জোয়ার্দ্দার বলেন, বাড়ির পাশ থেকে মাটি কেটে বাড়ির ভেতরে দেয়া হচ্ছিল। এ সময় একটি মুদ্রা খুঁজে পাই। পরে একটি পাত্রে আরো ২৬টি মুদ্রা পাওয়া গেছে।










