নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্তানদের ঝগড়া থামাতে গিয়ে আব্দুল আলী (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে বরাবো রসুলপুর এলাকায় পারিবারিক কলহের জের ধরে আব্দুল আলীর ছেলে কাউসার (২৬) ও মান্নানের (৫০) সঙ্গে মেয়ে আমেনার ঝগড়া হয়। এ সময় বাবা আব্দুল আলী ঝগড়া থামাতে গিয়ে ছেলে কাউসার ও মান্নানের ধাক্কায় মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় গতকাল সকালে বৃদ্ধের মেঝো ছেলে ইব্রাহীম বাদী হয়ে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ দুপুরে এজাহারভুক্ত আসামি কাউসার ও মান্নানকে গ্রেফতার করে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত দুই ছেলেকে আটক করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।