সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একদিনে তিনজন মারা গেছেন। আজ রোববার (২৮ জুন)  মারা যাওয়া  এ তিনজন সুনামগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

এদের মধ্যে সর্বশেষ সন্ধ্যা ৭টায় ওসমানীনগরের এক ব্যক্তি (৪০) মারা যান। এছাড়া বিকালে সুনামগঞ্জ সদরের ও দুপুরে গোয়ানঘাটের দুই বৃদ্ধ মারা গেছেন।

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সিলেটের একশ' শয্যার এই হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে করোনা আ্ক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এসব তথ্য জানিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বলেন, সন্ধ্যায় মারা যাওয়া ওসমানী নগরের ব্যক্তি আজকেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিলে।  দুপুরে মারা যাওয়া সুনামগঞ্জ সদরের ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর। তিনি তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর বেলা ৩টার দিকে মারা যাওয়া গোয়াইনঘাটের বৃদ্ধের বয়স ৬৬ বছর। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চয়ন রায় জানান, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য মারা যাওয়া এই তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।