লক্ষ্মীপুরের রামগঞ্জে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রকি পণ্ডিত (৩৫) নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলিপুর বাজারের পূর্ব মোড়ে দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। রকি দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মৃত ইউসুফ পণ্ডিতের ছেলে ও ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রকি মারা গেছেন। দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ঘটনার সময় পিকআপের চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।