মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের চাপায় আবদুর রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আবদুর রাজ্জাক ওই এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি স্থানীয় হাট-বাজার থেকে গরু বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ইয়ামিন উদদৌলা জানান, আবদুর রাজ্জাক স্থানীয় গরুর হাটে যাওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বিআরটিসি বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কের বরংগাইল এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।