দীর্ঘদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। আগামীকাল সকালে এ রুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও বৃহস্পতিবার কেয়ারি সিন্দাবাদ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল বিকালে পর্যটনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল সকাল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদনকৃত জাহাজ কোম্পানিগুলোকে চলাচলের অনুমতি দেয়া হবে।

কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের কক্সবাজার অফিসের কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসকের ছাড়পত্র পেয়েছি, আগামীকাল টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু করবে। যদিও এর আগে বিআইডব্লিউটিএ ও নৌ-পরিবহন দপ্তরের ছাড়পত্র পাই। আমরা এখন দ্বীপে ভ্রমণকারীদের কাছে টিকিট বিক্রি শুরু করেছি। বুকিংও ভালো হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ সদস্য হাবিবুর রহমান বলেন, দ্বীপে পর্যটক ব্যবসায়ীরা তাদের আবাসিক হোটেল ও কটেজগুলো সাজিয়ে রাখছেন। জাহাজ চলাচলের খবরে দ্বীপে সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে। তবে পর্যটন মৌসুমের অনেক সময় চলে গেছে।