ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্যামলী বাসে থাকা আহত সাইফুর রহমান বলেন, ‘আমি ও আমার বন্ধু শ্রীমঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়া অবস্থায় বাসে ঘুমিয়ে যায়। হঠাৎ দেখি গাড়ি স্লো হয়ে যায়। স্লো হয়ে গেলে আমি ঘুম থেকে উঠে দেখি খালে বাস পড়ে আছে। পরে বাসের জানালা ভেঙে বের হয়েছি।’

তিনি বলেন, ‘আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছি। স্থানীয় বাজারে চিকিৎসা নিয়েছি।’

স্থানীয় প্রত্যক্ষদর্শী কাজী মিজানুর রহমান জানান, ‘সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী বাস এবং পাশের বিশ্বরোড থেকে ছেড়ে আসা মাধবপুরগামী লোকাল দিগন্ত বাসটি মুখোমুখি সংঘর্ষে হলে দিগন্ত বাসের ধাক্কায় ঢাকাগামী শ্যামলী বাসটি সড়কের খাদে পড়ে যায়। এতে ৩০ জনের মতো আহত হয়। আমরা আহতদের স্থানীয়ভাবে রামপুরা বাজার ও সিএনজি বা অন্যান্য গাড়ি দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।’

খাঁটিখাতা হাইওয়ে থানার এস আই সারুয়ার হোসেন বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসটি বিজয়নগরের রামপুরায় আসলে বিশ্বরোড থেকে মাধবপুরগামী দিগন্ত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। মুখোমুখি সংঘর্ষে শ্যামলী বাসটি খাদে পড়ে যায়। এতে দুই বাসের অনেক যাত্রী আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’