তিস্তা চুক্তি বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশ এবার ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় ‘তিস্তা নদী নিয়ে করণীয়’ শীর্ষক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত বাধ্য হয় তিস্তা চুক্তিতে স্বাক্ষর করতে।

তিনি অভিযোগ করে বলেন, ২০১১ সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য বাংলাদেশ একটি খসড়া নিয়ে ঘুরছে। কিন্তু বিগত সরকার ভারতের সঙ্গে শুধু সম্পর্কের ছবি তুলেছে, কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি আরো বলেন, পতিত হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি। তবে বর্তমান সরকার তিস্তা ইস্যুতে শক্ত অবস্থানে থাকবে।

এ সময় তিনি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ স্থাপনের প্রতিশ্রুতি দেন।

গণশুনানিতে স্থানীয় জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

সভায় আরো বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এছাড়া, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, নদী গবেষক নজরুল ইসলাম হক্কানী, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিক মুজাহিদসহ অন্যান্যরা গণশুনানিতে উপস্থিত ছিলেন।