নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. সোহাগ (২৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদি সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, সোহাগ প্রতিদিনের মতো রোববার রাতে ইজিবাইক চার্জ দিতে সিআইখোলা এলাকার রুবেলের গ্যারেজে যান। চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোহাগ কুমিল্লার মুরাদনগরের জাররা গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে।