উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আন্তর্জাতিক আয়োজন ’৩৫ তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শুক্রবার নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে চারদিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ মেলা। এবারের মেলার প্রতিপাদ্য ‘যত বই তত প্রাণ।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেন, গত ৩৫ বছরে বাংলাদেশীরা আমেরিকায় একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে; আগামী ৩৫ বছরে বাংলাদেশীরা এদেশের সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠবে।
বাংলাদেশের অর্থনৈতিক চিন্তা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালির বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে রেহমান সোবহানকে ‘মুক্তধারা সুকৃতজ্ঞ সম্মাননা’ ও আজীবন সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধক কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন বলেন, বাংলা গ্রন্থ অনুবাদের একটি বড় আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার এখনই উপযুক্ত সময়। এ সময় তিনি নিউ ইয়র্ক বইমেলায় দেশের খ্যাতিমান সাহিত্যিকদের সঙ্গে তার দীর্ঘদিনের অংশ নেয়ার স্মৃতিচারণও করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দিন আহমেদ ও বিশ্বজিত সাহা। তারা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিশ্বায়নে এ বইমেলার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। ড. জিয়াউদ্দিন আহমেদ জানান, বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেয়াই এবারের বইমেলার অন্যতম প্রধান লক্ষ্য।
এবারের মেলায় প্রতিদিন থাকছে বই বিক্রি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, লেখক-পাঠক আড্ডা এবং প্রবাসী সংস্কৃতি নিয়ে বিশেষ আলোচনা। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে আগত বহু লেখক, কবি, গবেষক ও শিল্পী এই মেলায় অংশ নিচ্ছেন।










