নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা সবাই বিএনপির নেতাকর্মী বলে জানা গিয়েছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানালে তারা পুলিশের ওপর চড়াও হয়।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সরকারের পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত পদযাত্রার অংশ হিসেবে মিছিল বের করে সাতগ্রাম ইউনিয়ন বিএনপি। এ সময় পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ শুরু করে। পরে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়া হয়। সংঘর্ষে সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, ছাত্রদল নেতা ফারুক, যুবদল নেতা হাবিবসহ আহত হন দশজন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বিএনপি নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছিল। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করলে তারা পুলিশের ওপর চড়াও হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ অ্যাকশনে যায়। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা না গেলেও থানায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি।