কুড়িগ্রাম সীমান্ত পেরিয়ে কয়েকজন বাংলাদেশীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী সীমান্তে এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমণ্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বাংলাদেশীরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিএসএফের মারধরে পাঁচ বাংলাদেশী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন কৃষ্ণানন্দ বকসী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে মো. শামসুল, খোকা মিয়ার ছেলে জাবেদ আলী, আবুল কাশেমের ছেলে তাজুল ইসলাম, মুকুল মিয়ার ছেলে মো. রিপন ও মো. মান্নানের ছেলে কাশেম আলী।

স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম বলেন, ‘দুপুরে ভারতের জওয়ানরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে আমরা বাধা দিয়েছিলাম। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের মারধর করে।’
আরেক বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘বিএসএফ সদস্যরা স্থানীয়দের মারধর করলে গ্রামবাসী একজোট হয়ে তাদের ধাওয়া দেয়। পরে তারা পালিয়ে যায়।’
বিজিবির গোরকমণ্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. শাকিল আলম বণিক বার্তাকে বলেন, ‘স্থানীয়দের অভিযোগ, গোড়কমণ্ডল সীমান্তের কৃষ্ণানন্দ গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশীদের মারধর করেছে বিএসএফ। বিষয়টি আমরা তদন্ত করছি।’










