গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলাজুড়ে পুলিশের উদ্যোগে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। জেলার দোয়ারাবাজার, ছাতক, জগন্নাথপুর, দিরাই, শাল্লা থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দোয়ারাবাজার দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও উপজেলা সদরের বাসিন্দা তপন সরকার তপু (৫০), একই এলাকার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রিয়তোষ দে চন্ডী (৪৪), ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রুক্কা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৫৮), জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদপুর সেরা গ্রামের বাসিন্দা মো. মুহিবুর রহমান (৪৫), শাল্লা উপজেলা কৃষক লীগের সদস্য ও সহদেবপাশা গ্রামের বাসিন্দা আরজ আলী (৫৩), দিরাই উপজেলার রাজনগর ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সাঈদ আহম্মেদ খসরু (৪৩)।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।