দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনটি জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সরওয়ার উদ্দীনকে নোয়াখালী জেলার কবিরহাটে বদলি করা হয়েছে। তার স্থলে এসেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইউএনও মেজবা উল আলম ভূঁইয়া। আখাউড়ার ইউএনও অংগ্যজাই মারমাকে রাউজানে বদলি করা হয়েছে, তার স্থলে এসেছেন কুমিল্লার মেঘনা উপজেলার ইউএনও রাবেয়া আক্তার।
এছাড়া নাসিরনগরের ইউএনও ফখরুল ইসলামকে কক্সবাজারের চকরিয়ায় বদলি করা হয়েছে, তার স্থলে এসেছেন নোয়াখালীর চাটখিলের ইউএনও মোহাম্মদ ইমরানুল হক। বাঞ্ছারামপুরের ইউএনও একি মিত্র চাকমাকে চাঁদপুরের মতলব উত্তরে বদলি করা হয়েছে। তার স্থলে এসেছেন বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার ইউএনও মুহা. আবুল মনসুর।










