বাংলাদেশের সকল ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের পর দাবি মেনে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক শেষে বিকালে শাহবাগে অবস্থানরত শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদ্রাসা বিভাগ) এসএম মাসুদুল হক।

তিনি বলেন, ‘‌আপনাদের প্রতি অন্যায় হয়েছে সেটির জন্য আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যে ছয় দফা দাবি তুলে ধরেছেন সেগুলো নিয়ে এবং আপনারা জন্য আরো কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। আপনাদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেছি। এখন বলতে চাই দেশের সকল ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এছাড়া একাডেমিক স্বীকৃতি যেটি বন্ধ রয়েছে সেটি জুনের মধ্যে চালু করা হবে।’

ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণায় আনন্দ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষকরা।