সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের কারণে স্থানীয় বাজারে সবজির সংকট, দাম ঊর্ধ্বমুখী দেখা গিয়েছে। পরিবহন শ্রমিকরা জেলার বিভিন্ন রাস্তায় ও নগরের প্রবেশপথে অবস্থান নেয়ায় পাইকারি বাজারে প্রবেশ করতে পারছে না পণ্য পরিবহনগুলো। এতে সবজির সংকট দেখা দিয়েছে বাজারগুলোতে। ফলে সবজির দাম এখন ঊর্ধ্বমুখী।
পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। ব্যবসায়ীরা জানান, নগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার সুবহানীঘাটে। এখানে প্রতিদিন কোটি টাকার ব্যবসা হয়ে থাকে। পাইকারি এ সবজিপণ্য যায় জেলার বিভিন্ন উপজেলার বাজারে। কিন্তু আজ পরিবহন ধর্মঘটের কারণে বাজারে কোনো সবজি আনা নেয়া করা যায়নি। এ সুযোগে খুচরা বিক্রেতারা সবজির দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন। তবে পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সোবহানীঘাট সবজি বাজারের ব্যবসায়ী জয়নাল আহমদ জানান, পণ্যবাহী গাড়ি না আসলেও আজ সবজির দামে তেমন পার্থক্য লক্ষ করা যায়নি। তবে পরিবহন ধর্মঘট চলতে থাকলে আগামীকাল বুধবার থেকে সবজির চাহিদার সঙ্গে দামও বাড়তে পারে।
বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, করলা, কাঁচামরিচ, লতা, পটল, ঝিঙে, কচুর মুখি, আলু, বরবটি, নাগামরিচ, লেবুসহ বিভিন্ন শাক সবজি উঠেছে বাজারে। তবে অন্যান্য দিনের তুলনায় কম। সুবহানীঘাট পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ টাকা বিক্রি হতে দেখা যায়। পাইকারি দরে প্রতি পিচ লেবু ২-৪ টাকা, শসা ৩৫ টাকা, টমেটো ১০০ টাকা, মুকি ৪০ টাকা, পটল ২৮-৩০ টাকা, আমড়া ২৫-২৭ টাকা, কাঁকরোল ৪০-৪৫ টাকা, পেঁপে ১০-১২ টাকা, চিকন বেগুন ৪৫-৫০ টাকা, ঢেঁড়শ ২৮-৩০ টাকা, করলা ৩৮-৪০, চায়না গাজর ৯০-১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাধাকপি ২৫-৩০ টাকা বিক্রি হচ্ছে। তবে খুচর বাজারে এসব সবজির দামে বেশ ফারাক রয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ জানান, পরিবহন ধর্মঘট শুধু সবজি ব্যবসা নয়, সকল ব্যবসায় এর প্রভাব পড়ে। তিনি দ্রুত এ সমাধানের আহবান জানান।










