স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। দেশটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেক্সটাইল বা তৈরি পোশাক শিল্প, এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। এ সময় তিনি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের বিষয়ে জার্মানির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়ে বলেন, অদূর ভবিষ্যতে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো উচ্চমাত্রায় উন্নীত হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, বহিরাগমন-৩ শাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম ছিলেন।