বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’
গতকাল ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে। তাদের ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব? যে দলটা দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? এটা বুঝতে হবে।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান। কীসের ভয় পান—আপনারা সংখ্যালঘু, আপনাদের ওপর যদি কোনো নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে। আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।’










