সরকারি বিধিনিষেধ মেনে দূরপাল্লার বাস বন্ধ থাকায় মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছে ঘরমুখো মানুষ। করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে তারা। গতকাল বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের চাপ ছিল অনেক।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ১৬ হাজার ৭৭৯ আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৫ হাজার ২৩টি, যা অন্যান্য স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। রোববার ভোর ৬টা থেকে গতকাল ভোর ৬টা পর্যন্ত মোট টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, এ সেতু দিয়ে পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহন, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও বিপুলসংখ্যক যাত্রীবাহী বাস সেতু দিয়ে পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।










