সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও হাটিকুমরুল থেকে চান্দাইকোন পর্যন্ত মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এ মহাসড়কে প্রায় ৩৩ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায়ও হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, ১৭ জুলাই সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৭১৩টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা।
এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৬৭০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৯ লাখ ২২ হাজার ৯৭০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৭ হাজার ৪৩ যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।










