বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাকসিন ইনজেকশন ও ১১২ পাতা ভারতীয় ট্যাবলেটসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। তাদের কাছে ওষুধ আমদানির কোনো বৈধ কাগজপত্র ছিল না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় করে আসার সময় পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন—পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার প্রদীপ দত্ত (৬০) ও উত্তর ২৪ পরগনার গৌতম দত্ত (৫৩)।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে তাদের কাছে ভারতীয় ওষুধ আমদানির শুল্ক পরিশোধের রসিদ বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না। কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ওষুধ আনার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।










