নির্বাচন কমিশন নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। রোববার (২৬ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয় বলে দুদকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়।

অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ক্রয়কৃত ইভিএম মেশিনগুলো নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়, ১০টি আঞ্চলিক কার্যালয় ও বিএমটিএফে সংরক্ষিত আছে। তন্মধ্যে নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ে সংরক্ষিত ৬১৮ মেশিনের মধ্যে দৈবচয়নের মাধ্যমে ৩টি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে।

পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।