লক্ষ্মীপুরের রামগতিতে আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি, কাপড়, সেলুন, ইলেক্ট্রনিকস, স্বর্ণালংকার, সবজির দোকানসহ ৩০টি দোকান পুড়ে গেছে। আজ রবিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় কোটির টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।  

রামগতির ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, ভোর ৪টার দিকে তাহের নামে এক ব্যক্তির চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লেগে থাকতে পারে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রামগতি উপজেলা ও জেলা থেকে আরও দুটি ইউনিট যোগ হয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমেন জানান, আগুনের ঘটনা শুনেই ভোরেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করার আশ্বাস দেন তিনি।