ক্ষমতায় গেলে বিএনপি গ্রামে গ্রামে হেলথ টিম গঠন করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বিএন‌পির প্রতিটি কর্মী ও নেতাকে জনগণের সেবক হিসেবে শপথ নিতে হবে। নিজ নিজ এলাকার সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। নিজেদের সেবকে রূপান্তর ঘটিয়ে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হতে হবে।’

গতকাল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিশেষ চিকিৎসা ক্যাম্প শেষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। তারেক রহমান এ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় চিকিৎসা

নিতে হবে না। রোগীরা বেডে থেকেই তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা পাবেন। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি পরিবারের মাকে একটি চিকিৎসা কার্ড প্রদান করা হবে। ওই কার্ডের মাধ্যমে পরিবারের শিশু থেকে বৃদ্ধ সবাই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।’

তারেক রহমান বলেন, ‘অনেক দিন

পর নিজ বাড়ির মানুষের সামনে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে। আজকে অনেক দিন পরে নিজের পরিচিত মানুষদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি তাহলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেদিকে নজর দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে তারা ভালো চাকরি পায়। চাকরি না করলেও যেন নিজেই কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন। অর্থনীতিতে অবদান রাখতে পারেন। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকরা যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি, বিপদে-আপদে পাশে দাঁড়াতে পারি—সেভাবে গড়ে উঠতে হবে। আমরা যেন জনগণের সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। এটি হোক আমাদের আগামী দিনের শপথ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি ফাউন্ডেশনের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানান।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শাহ্ মোহাম্মদ শাহজাহান আলী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান বক্তৃতা করেন।