লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় মনির হোসেন (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের আন্ধার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় নিহতের স্ত্রী মনিরা বেগমও গুরুতর আহত হন। এদিকে খবর পেয়ে গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মনির হোসেন একই গ্রামের মো. বশিরের ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন মনির। গভীর রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এ সময় মনির তাদের বাধা দিতে গেলে কুপিয়ে আহত করে। তাকে বাঁচাতে স্ত্রী মনিরা বেগম এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে ডাকাতরা।
পরে পাশের কক্ষে গিয়ে পরিবারের অন্য সদস্যদের বেঁধে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা জানান, চিত্কার শুনে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম অবস্থায় মনির ও তার স্ত্রী মনিরা বেগমকে বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। পাশের কক্ষে পরিবারের অন্য সদস্যদের বেঁধে রাখা হয়। পরে মুমূর্ষু অবস্থায় আহত দুজনকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যান যুবলীগ নেতা মনির।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডাকাতি না প্রতিহিংসার শিকার, এখনই বলা যাচ্ছে না। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আশা করছি, দ্রুতই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।










