বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা উখিয়ার টিভি রিলে উপকেন্দ্র্র এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ ভরি ওজনের ৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। গতকাল সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে রাস্তার ওপর অভিযান চালিয়ে তুমব্রু থেকে হেঁটে আসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পমুখী এক রোহিঙ্গাকে আটক করে তল্লাশি করা হলে কোমরে লুঙ্গির ভাঁজে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৪৭০ ভরি। ধৃত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক জয়নুল আবেদিন (৬৫) তুমব্রু জিরো পয়েন্টের আশ্রিত রোহিঙ্গা।