লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আজ শনিবার (৩০ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জিতু দেওয়ান ও পাঞ্জাবি প্রতীকের মামুনুর রশিদ আকন্দ সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এসময় রামগঞ্জ চাটখিল সড়কে গাছের গুড়ি ফেলে আধা ঘণ্টারও বেশী সময় ধরে সড়ক অবরোধ করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উটপাখি প্রতীকের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৫০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
এসময় পুলিশের এসআই মুকবুল, এএসআই আহসান উল্যাহ, তায়েফুর রহমান, খায়রুল বাশার, জোবায়ের ও বাহারসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। কত রাউন্ড ফাঁকা গুলি হয়েছে তা সঠিকভাবে বলতে পারেননি তিনি।
তবে শেষ পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।










