উৎসবমুখর পরিবেশে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (জেইউসি) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৩ জন ভোটারের মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হেলালী-মাহবুব-জাফর প্যানেলের সব প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, সহ-সভাপতি হয়েছেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এম আর মাহবুব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রুপালী সৈকতের বার্তা সম্পাদক এস এম জাফর।

অন্যান্য বিজয়ীরা হলেন— যুগ্ম সম্পাদক পদে দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ পদে এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজাদীর জেলা প্রতিনিধি শাহেদ মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার বেদারুল আলম। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দিন ছিদ্দিকী।

অন্যদিকে আশেক-হাসিম-আনছার প্যানেলের সাতজন প্রার্থী একটি করে ভোট পেয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হাসিম দুই ভোট ও যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন সিকদার তিন ভোট পেয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ভোটগ্রহণে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবর রহমান ও এএইচ সেলিম উল্লাহ। কমিশনের সদস্য মাহবুবর রহমান বলেন, এ নির্বাচন নিয়ে সাংবাদিক সমাজসহ সচেতন মহলের আগ্রহ ছিল অনেক। এজন্য ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। কক্সবাজার প্রেসক্লাব চত্বরে বসানো হয় নজরদারির জন্য সিসি ক্যামেরা।