দারিদ্র্য বিমোচন ও সমাজসেবার নামে প্রতারণাসহ বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া মানবাধিকার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে র্যাব। এ সময় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইদুজ্জামান নূর রাকিবকে আটক করা হয়েছে। একই সঙ্গে নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর প্রপার্টিজ এলিভিয়েশন অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি নামে তার দুটি ভুয়া যৌথ প্রতিষ্ঠানের অফিস সিলগালা করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাব-১১ এ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ পাসপোর্ট ও জাল নথিপত্রসহ প্রতারণার কাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, আটককৃত সাইদুজ্জামান নূর রাকিব রাশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বেশ কয়েকটি রাষ্ট্র সফর করে এনজিও ও মানবাধিকার সংস্থার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। মানবসেবার জন্য রাশিয়া থেকে ১০০ কোটি টাকা অনুদান পেয়েছেন এমন কথা বলে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া শুরু করেন। প্রতারণার মাধ্যমে এ পর্যন্ত তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকারও করেছেন। তবে র্যাব বলছে, তার প্রতারণার শিকার এমন শতাধিক ব্যক্তির বায়োডাটা ও তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের পরিমাণ আরো কয়েক গুণ বেশি হতে পারে।
তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া প্রতরণার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।










