নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার গাবতলী এলাকায় ইয়াছিন মিয়ার দুইতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন খেলনা বিক্রেতা রেজা কাজী, তার স্ত্রী জামিলা ও তাদের মেয়ে মিতু আক্তার। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, গত বুধবার রাতে ঘরের মশা তাড়ানোর জন্য একটি পাত্রে ঝুট জ্বালিয়ে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে জ্বলন্ত ঝুটের আগুন ঘরের বিভিন্ন আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় ওই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের চিত্কারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়।
দগ্ধদের বাড়ি পাবনা জেলার আহম্মদপুর গ্রামে। প্রায় এক বছর ধরে তারা ইয়াছিন মিয়ার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস করছেন।










