দেশীয় তুলা উৎপাদন বৃদ্ধি, টেকসই ও উৎস অনুসন্ধানযোগ্য তুলা সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বাজারজাতকরণের লক্ষ্যে সমঝোতা স্বারক সই করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও যুক্তরাজ্যভিত্তিক সামাজিক উদ্যোগ সংস্থা বা প্রতিষ্ঠান কটনকানেক্ট লিমিটেড (সিসিইউকে)। আজ বৃহস্পতিবার বিটিএমএ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে রাজধানীর গুলশানে বিটিএমএ কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিটিএমএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল। অন্যদিকে সিসিইউকের পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিসন ওয়ার্ড।
বৈঠকে ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল তুলা উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা, রফতানিমুখী শিল্পে দেশীয় তুলা ব্যবহারের সুযোগ এবং খাতে বিদ্যমান ১ শতাংশ উৎসে করসহ বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়। তুলার ওপর আরোপিত উৎসে কর প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে যৌথভাবে দাবি তোলার কথাও জানানো হয়।
সমঝোতা অনুযায়ী, দেশীয় তুলা উৎপাদন সম্প্রসারণ, পুনরুৎপাদনশীল কৃষি পদ্ধতির প্রসার, ট্রেসেবিলিটি বা উৎস অনুসন্ধান ব্যবস্থা উন্নয়ন, পরিবেশ-সমাজ-সুশাসন (ইএসজি) রিপোর্টিং, দক্ষতা বৃদ্ধি, নীতি সহায়তা এবং বৈশ্বিক তুলা সরবরাহ শৃঙ্খলের সঙ্গে সংযোগ জোরদারে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
সভায় বলা হয়, দেশীয় তুলা উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে, উৎপাদন লিড টাইম হ্রাস পাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাবে।
বৈঠকে বিটিএমএর পরিচালক মো. খোরশেদ আলম, সৈয়দ এনায়েত কবির ও রুবায়েত হায়দার ছিলেন। সিসিইউকের পক্ষে বাংলাদেশ ও পাকিস্তানের কান্ট্রি প্রতিনিধি আবু বকর এবং কনসালট্যান্ট ড. ফরিদ উদ্দিন অংশ নেন।










