সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে রায়হান আহমদ নামে এক যুবককে নির্যাতনে হত্যা মামলায় গ্রেফতার পুলিশ সদস্য হারুনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। গতকাল বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩-এর বিচারক সুমীমা ইসলাম সুমি এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার রাতে তাকে পুলিশ লাইনস থেকে গ্রেফতার করে পিবিআই। কনস্টেবল হারুনুর রশীদ রায়হানকে নির্যাতনের সময় বন্দরবাজার ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পিবিআই সিলেটের পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান জানিয়েছেন, শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে এ ঘটনায় ২০ অক্টোবর আরেক পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পিবিআই। গতকাল তার পাঁচদিনের রিমান্ড শেষ হয়েছে। এছাড়া রায়হানকে নির্যাতনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বন্দরবাজার ফাঁড়ির আরো তিন কনস্টেবল।

উল্লেখ্য, ১১ অক্টোবর (রোববার) ভোরে রায়হান আহমদ (৩৩) নামে সিলেট নগরের আখালিয়ার এক যুবক নিহত হন। পুলিশের পক্ষ থেকে প্রথমে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। তবে বিকালে পরিবারের বক্তব্য পাওয়ার পর ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। পরিবার দাবি করে, সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান।

ওই রাতেই পুলিশকে অভিযুক্ত করে সিলেটের কোতোয়ালি থানায় হেফাজতে মৃত্যু আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। পরদিন রায়হানের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সিলেট মহানগর পুলিশ।