সিলেট-তামাবিল সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দামড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ঘটনাস্থলে ও একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেটকার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মীসভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেট্রো—গ ১৩৩৮৫৪ নাম্বারের একটি সাদা রংয়ের প্রাইভেটকার জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক দামড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান এবং তিনজন মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, গাড়িটিতে ৫ জন ছিলেন। দুজন স্পটে মারা যান। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আহত ও নিহতদের সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।