নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়ে দগ্ধ আরো দুজন মারা গিয়েছেন। আজ রোববার (১১ জুন) মারা যাওয়া দুজনের নাম মো. রুবেল (৩৮) ও মো. সোহেল রানা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ দুটি  ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে দগ্ধ তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, রুবেলের শরীরের ৪৫ শতাংশ এবং সোহেলের শরীলেরও ৪৫ শতাংশ  দগ্ধ হয়েছিল। ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ ইমতিয়াজ নামে আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত ৪ জুন রাতে শীতলক্ষ্যা নদীতে দড়িকান্দি ডকইয়ার্ডের জেটিতে নোঙর করা ‘ওটি সাংহাই-৮’ নামে একটি তেলবাহী জাহাজের ট্যাংকারে এ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত আটজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন পাঁচজন, যাদের তিনজনের শ্বাসনালি পুড়ে গিয়েছে। আর অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগেই ছেড়ে দেয়া হয়েছে।