চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে একই চক্রের আরো ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আকাশকে গ্রেফতার করা হয়। একই অভিযানে নগরীর বিভিন্ন জায়গা থেকে মো. হোসেন, রাব্বী, সুনিয়া আক্তার, আছনা, মো. মুন্না ও সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হওয়া আকাশকে পাহারা দিচ্ছিলেন দুই পুলিশ সদস্য। এ সময় তার সহযোগী একজন যুবক পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলার ভান করে কাছে আসে। এ সুযোগে দৌড়ে পালিয়ে যায় আকাশ। পালানোর সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে সে।

ঘটনার পরপরই হাসপাতাল থেকে এক নারীকে আটক করে পুলিশ। পরে অভিযান চালিয়ে বুধবার সকালে সীতাকুণ্ড থেকে আকাশসহ সাতজনকে গ্রেফতার করা।

পুলিশ জানায়, আকাশের নেতৃত্বে সংঘবদ্ধ একটি পেশাদার ছিনতাইকারী চক্র চট্টগ্রাম নগরে সক্রিয়। এ চক্র ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র ব্যবহার করে এবং চক্রের সদস্যদের বেশ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বণিক বার্তাকে বলেন, পেশাদার এসব ছিনতাইকারীর ব্যবহৃত অস্ত্র অত্যন্ত বিপজ্জনক। নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।