গাইবান্ধা শহরে ট্রাকচাপায় বিপ্লব প্রামাণিক নামের এক ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটিকেও জব্দ করা হয়েছে।
গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ এলাকার ওই ট্রাকের মালিক কাম চালক আনিছুর রহমান, ট্রাকচালকের সহকারী রংপুর জেলার মাহিগঞ্জ জামাল মিয়া ও মশিউর রহমান। শুক্রবার তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জেলার ফুলছড়ি উপজেলার বালাশীঘাট থেকে আসা একটি ট্রাক গাইবান্ধা শহরের পুরাতন জেলখানাসংলগ্ন মোড়ে পৌঁছায়। এ সময় ট্রাকটি ট্রাফিক পুলিশ কনস্টেবল বিপ্লব প্রামাণিককে
চাপা দেয়। এতে বিপ্লব প্রামাণিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত বিপ্লব প্রামাণিক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
পুলিশ সুপার কামাল হোসেন আরো বলেন, ‘এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়। পরে ঘটনার দিন থেকে অভিযান শুরু করা হয়। এটি অব্যাহত রেখে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাক ও মালিককে শনাক্ত করা হয়েছে। এরপর শুক্রবার বিকালে রংপুর থেকে ট্রাকটি জব্দসহ ওই তিনজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তাদের দেয়া তথ্যে ট্রাকটি মাহিগঞ্জের বালাটারী গ্রামের একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।









