গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাটাখালি বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের জহুরুল ইসলামের (৪৫) পরিচয় পাওয়া গেছে । বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী যাত্রী ভর্তি একটি ট্রাক রংপুর-ঢাকা মহাসড়কের বালুয়া বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা তিন যাত্রী নিহত হন।

এ ঘটনায় কমপক্ষে বাস-ট্রাকের আরো ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের কারো কারো অবস্থা গুরুতর।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ঘটনাটি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

তিনি জানান, আহতদের গাইবান্ধা জেলা হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া শমেক হাসপাতালসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।