চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সাকিব আল হাসানের নামের প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।
এদিকে আহতদের মধ্যে তিনজনকে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় জানান, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে তর্কের জেরে সংঘর্ষ হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের হামলায় আমাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।










