রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে চারঘাট-বাঘা আসনের সাবেক সাংসদ ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে ভাংচুর করে আগুন দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে চারতলা বাসার অধিকাংশ কক্ষ পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ৪০০-৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে আসে। বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশে করে সবগুলো রুমে ভাংচুর চালানো হয়। এরপর ১২টার দিকে বাড়িতে আগুন লাগানো হয়। এ সময় পুরো চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।
আগুন লাগার প্রায় ঘন্টা খানেক পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়তো আশেপাশের অনেক বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তো। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এদিকে দুপুর দেড়টার দিকে রাজশাহী কলেজের শেখ মুজিবুর রহমানের ম্যুরালও বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে তার বিচারের দাবিও তোলেন ছাত্র-জনতা।










