চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) শ্রমিক বিক্ষোভ ও অস্থিরতার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত প্যাসিফিক গ্রুপের আটটি পোশাক কারখানা খুলছে। আজ এসব কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হবে। গত মঙ্গলবার রাতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত পৃথক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

নোটিসগুলোয় বলা হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ১৬ অক্টোবর থেকে কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আজ থেকে কারখানাগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনায় সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।

কারখানাগুলো হলো প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাকসেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যারস, ইউনিভার্সাল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স ২০০০।

এর আগে ১৪ অক্টোবর প্যাসিফিক গ্রুপের কয়েকটি ইউনিটের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরদিন তারা ইপিজেড এলাকায় বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে ১৬ অক্টোবর সংঘর্ষ, ভাংচুর ও কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় রাতে গ্রুপের পক্ষ থেকে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯’-এর ধারা ১২(১) অনুযায়ী সব ইউনিট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্যাসিফিক গ্রুপের চিফ অপারেটিং অফিসার সুহৃদ চৌধুরী জানিয়েছেন, বিক্ষোভের সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এখন শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে, কাজের পরিবেশ ফিরেছে। তাই কারখানা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্যাসিফিক গ্রুপ সিইপিজেডের সবচেয়ে বড় রফতানিমুখী পোশাক উৎপাদনকারী শিল্পগোষ্ঠীগুলোর একটি। গ্রুপের আটটি ইউনিটে প্রায় ৩৫ হাজার শ্রমিক কাজ করেন।