লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে মায়া আক্তার নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিগা গ্রামে এ ঘটনা ঘটে। মায়া আক্তার ওই বাড়ির সুজা মিয়ার মেয়ে। এ ঘটনায় দুটি বসতঘর আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জেলার রামগতি উপজেলায় অগ্নিকাণ্ডে ৬৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ভোরে উপজেলার আলেকজান্ডার বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামগতির ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, তাহের স্টোর নামে এক চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।