খুলনা বিভাগে নভেল করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই সংক্রমণ শনাক্তের সংখ্যা বাড়ছে। ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। এতে শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯।

গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান। রাশেদা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচ, যশোরে পাঁচ, ঝিনাইদহে দুই, চুয়াডাঙ্গায় এক, সাতক্ষীরায় এক, বাগেরহাটে এক এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে গতকাল সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।