বরগুনায় বাস-মাহেন্দ্র-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বরগুনার আমতলী উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে সড়কে দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন। তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১ বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়।

মাহেন্দ্রর পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরো একজন মারা যায়।

সড়ক দুর্ঘটনায় মৃতরা হলেন— আবিদ (৭)। সে চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। অন্যজন হলেন মোটরসাইকেল চালক শহিদুল (৬০)। তিনি গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া মৃত ব্যক্তির নাম মোটরসাইকেল আরোহী আতাহার (৬০)। সে আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় সদর ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মনির শিকদার (৪০)। তার পিতার নাম মোজাহার শিকদার।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু ও একজন আহত হয়েছে। স্থানীয় লোকজন ইউনিক পরিবহনের অভিযুক্ত বাসকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।