ভোটের আগে জামায়াতকে একাত্তরের ভুলের জন্য মাফ চাইতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জামায়াত মাফ চাইছে এখন পর্যন্ত ১৯৭১ সালের জন্য? মাফটা চান, বলেন, ‘ভুল করছি ১৯৭১ সালে’, তারপর জনগণের কাছে বলেন, ‘এবার আমাদের ভোটটা দেন।’ মাফ তো তারা চায় না, উল্টো আমাদের দোষারোপ করে, আমরা কেন ’৭১ সালে যুদ্ধ করলাম। যুদ্ধ করছি আমার দেশের জন্য, আমার মাটির জন্য, আমার দেশের স্বাধীনতার জন্য। আমি ওই স্বাধীনতার জন্য আমার জীবন বিসর্জন দিতেও রাজি।’
গতকাল দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। বাড়িঘর ছেড়ে চলে গেছেন না ইন্ডিয়ায়, বাড়িঘর সব পুড়ায় দিছিল না। আমার ঠাকুরগাঁও শহরের বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না, পেট্রল পাম্পের আন্ডারগ্রাউন্ডের ট্যাংক, সেটাও তুলে নিয়ে গেছিল। আমার বাবার কনস্ট্রাকশন ব্যবসা ছিল, ট্রাকগুলো-সেগুলোও তুলে নিয়ে গেছিল। এগুলো ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীরা করেছিল। তখন তাদের কারা সহযোগিতা করেছিল, সেটা আমাদের জানা।’
ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।









