রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনাটির প্রাথমিক অনুসন্ধানে কিছু তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে তদন্তে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২-এ এসি চালু থাকলেও সেখানে থাকা একাধিক নবজাতক শিশুর মা এসি বন্ধ করার অনুরোধ জানান। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা এসিগুলো বন্ধ করে দেন।
এরপর রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেয়া হয়। পরে পর্যায়ক্রমে অন্য পাঁচ নবজাতককেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে প্রথম শিশুটির মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অন্য পাঁচ নবজাতকও মারা যায়। ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেয়া মায়েরা নবজাতকসহ অবস্থান করছিলেন এবং রাতের বেলায় সেখানে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঘটনা ঘটার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে অবস্থান করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দুর্ঘটনা কেন ঘটেছে, তা অনুসন্ধানে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ্-দ্বীন হাসপাতাল সার্বিক সহযোগিতা করছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা ত্রুটি চিহ্নিত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।










