রাজধানীর কড়াইলের বস্তিতে বড় বড় ভবন এবং তাতে ছোট আকারের ফ্ল্যাট করে বাসিন্দাদের দিতে চান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল বিকালে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমি জানি না, এটা নির্বাচন আচরণবিধিতে পড়বে কিনা, কেউ ষড়যন্ত্র করবে কিনা। কিন্তু আমি যা করতে চাই, আমি আল্লাহর রহমত নিয়ে সবকিছু করতে চাই।’
বক্তব্যে বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, আমরা ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করতে চাই। আমরা এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে এবং এখানে যে মানুষগুলো থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে আমরা প্রতিটি ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই।’
কড়াইল বস্তির বাসিন্দাদের আবাসন সংকট নিরসনের পাশাপাশি সেখানে বসবাসরতদের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নেও পদক্ষেপ নেয়ার কথা বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে, তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন আমরা এখানে বাচ্চাদের জন্য সুন্দর স্কুল গঠন করব। স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যাতে মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশা আল্লাহ আমরা এখানে করতে চাই।’
ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পরিকল্পনা বিএনপির রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদের যাতে দূরে যেতে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে—সবকিছু থাকবে। এভাবে আমরা আপনাদের এ এলাকাকে গড়ে তুলতে চাই। এভাবে সাজিয়ে তুলতে চাই।’
দোয়া মাহফিল সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। এতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।
কড়াইলবাসীর কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল, পানির বিল আদায় বন্ধ করার বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দেবেন। কিন্তু এ কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই-বোনেরা আপনাদের এ এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনাদের আমার পাশে থাকতে হবে।’
প্রসঙ্গত, গত শতকের নব্বইয়ের দশকে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এ বস্তিতে ৪০ হাজারের মতো ঘরে নিম্ন আয়ের মানুষেরা বসবাস করেন।










