মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনা করায় দায়ের ৪টি ইটভাটার মালিকের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাংনী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এ অভিযানে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে আজকের অভিযানে শুকুরকান্দি গ্রামের জনতা, রুপসা ও থ্রি স্টার ইটভাটা থেকে ১ লাখ করে এবং সমতা ইটভাটা থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এ ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা সম্বলিত ব্যানারও টাঙিয়ে দেয়া হয়েছে।
আইন অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করলে আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর হোসেন ও গাংনী থানা পুলিশের একটি দল।
এর আগে সোমবার অভিযান শুরুর দিনে গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের তিনটি ইটভাটা বন্ধ করে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছিল।










